রবিবার ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Bangura
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, বাঙ্গরাকে আলাদা উপজেলা করার বিষয়টি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ফলে সেই দাবি বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, বাঙ্গরাকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চলতি বছরের জুলাই মাসে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই দাবি পূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান।

মুরাদনগরের সার্বিক উন্নয়নে দল-মতনির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, “দল, মত নির্বিশেষে মুরাদনগরের উন্নয়নের জন্য চলুন আমরা একসাথে কাজ করি এবং এই সরকারকে সহযোগিতা করি।”

জনগণের দেওয়া আমানতের যথাযথ মর্যাদা রক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সমিতির নামকরণ প্রসঙ্গে কায়কোবাদ বলেন, সংগঠনটিকে শুধু ‘মুরাদনগর সমিতি’ নয়, ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চান তিনি। তাঁর মতে, মুরাদনগর ও বাঙ্গরার মানুষ একই পরিবারের সদস্য। সমিতির প্রতিটি কার্যক্রমে এই ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বজায় রাখতে হবে।

এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনরত মুরাদনগরের কৃতী সন্তানদেরও সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি বলেন, এলাকার উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

মুরাদনগর সমিতি-ঢাকার বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে অসচ্ছল মানুষের চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধা তালিকায় স্থান পাওয়া ও জিপিএ-৫ অর্জনকারীদের পুরস্কৃত করার কার্যক্রম নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

করোনাকালীন দুর্যোগসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। নিজের অসুস্থতার সময় কাকরাইলের সমিতির ভবনে দোয়ার আয়োজন করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

নিজের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে কায়কোবাদ বলেন, মুরাদনগরের শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, সেতু নির্মাণ ও সংস্কার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকার যেকোনো গঠনমূলক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিঅ্যান্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূইঞা, পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ, টোটাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এ কে এম কায়েস।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. জামাল উদ্দীন আহম্মদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতা এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন