শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় হাসপাতাল-ডায়াগনস্টিকে নানা অনিয়মের অভিযোগ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Allegations of various irregularities at hospitals and diagnostic centers in Comilla, three establishments fined
কুমিল্লায় হাসপাতাল-ডায়াগনস্টিকে নানা অনিয়মের অভিযোগ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ দল। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে পরীক্ষা, রোগীদের কাছ থেকে পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও নথিপত্র দেখাতে না পারায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে শাসনগাছার মীম হাসপাতাল সিলগালা করা হয়। অন্যান্য সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, উপজেলা মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারীরা জানান, জনস্বার্থে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন