
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে খাদ্যপণ্যে নিষিদ্ধ শিল্পকারখানায় ব্যবহৃত রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহারের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত অভিযানে ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, বেকারিটিতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙ্গাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে নিষিদ্ধ কাপড়ের রং ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া অলটাইম ব্র্যান্ডের মিল্ক ব্রেডের প্যাকেটের আদলে নকল মোড়ক ব্যবহার করে পাউরুটি বাজারজাত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির বিষয়টিও উঠে আসে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে বেকারি মালিক সমিতির জিম্মায় প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার ও প্রতারণামূলক মোড়কজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










