বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬

কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’ অনুমোদনে সরকারকে ধন্যবাদ জানালেন আসিফ মাহমুদ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

RisingCumilla - Asif Mahmud thanked the government for the approval of the new ‘Bangra’ Upazila in Cumilla.
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের মধ্য দিয়ে কুমিল্লার প্রশাসনিক মানচিত্রে যুক্ত হলো নতুন এই উপজেলা।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত নিকার সভায় বাঙ্গরা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথ সুগম হয়েছে।

নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর পূর্ব, পূর্বধইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব (সদর), বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর এবং টনকী।

উপজেলা অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই বাঙ্গরা অঞ্চলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে স্থানীয়রা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন ও শুভেচ্ছার বার্তায় ভরে ওঠে।

এদিকে, বাঙ্গরা উপজেলা অনুমোদনের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

রাইজিং কুমিল্লার পাঠকদের জন্য আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল:

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়েই বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি লেখেন, মুরাদনগর ২২টি ইউনিয়ন নিয়ে একটি বৃহৎ উপজেলা হওয়ায় প্রশাসনিক কার্যক্রম উপজেলার এক প্রান্তে কেন্দ্রীভূত ছিল। এতে বাঙ্গরা অঞ্চলের সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো এবং ভোগান্তির শিকার হতে হতো।

তিনি আরও জানান, এ বাস্তবতা বিবেচনায় বাঙ্গরা বাজার থানার আওতাধীন ১০টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তাবটি প্রি-নিকারে অনুমোদন পায় এবং নিকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল।

আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেন, “আজ নিকার সভায় বাঙ্গরা উপজেলা অনুমোদন হয়েছে। বাঙ্গরা উপজেলার অনুমোদন দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ১০টি ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয়দের প্রত্যাশা, নতুন উপজেলা বাস্তবায়নের ফলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়বে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুন