সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছিলো কলা, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Bananas were being ripened using chemicals in Comilla, wholesale depot fined 50,000 taka.
কুমিল্লায় কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছিলো কলা, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীতে অপরিপক্ক কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর অভিযোগে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত নগরীর স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় কলার আড়ত, মুদি দোকান এবং এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযান চলাকালে হালিমের কলার আড়তে অপরিপক্ক কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসম্মুখে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া অভিযানে মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোও তদারকি করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন