রবিবার ২২ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল, ভোক্তা অধিকারের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Illegal gas cylinder refilling in Comilla, 150,000 taka fine imposed during consumer rights enforcement drive
কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল, ভোক্তা অধিকারের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জ্বালানি পরিমাপে কারচুপি এবং ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে সবচেয়ে বেশি ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনকে। এ ছাড়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

চান্দিনা উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযান সূত্রে জানা যায়, বাগুর বাজারের মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল এবং জ্বালানি পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে প্রতি পাঁচ লিটার জ্বালানিতে ১৫০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিতে গ্যাস সিলিন্ডার রিফিলের কাজে ব্যবহৃত একটি ডিভাইসসহ সংশ্লিষ্টদের হাতেনাতে শনাক্ত করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে মেডিনোভা ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা এবং অনিয়মের দায়ে মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন