বুধবার ১১ নভেম্বর, ২০২৬

কানাডায় চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি নারীকে নির্যাতন, দুজনের কারাদণ্ড

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - canada
কানাডায় চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি নারীকে নির্যাতন, দুজনের কারাদণ্ড/ছবি: সংগৃহীত

কানাডায় চাকরি, কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে মানব পাচার, শ্রম শোষণ ও যৌন নির্যাতনের ঘটনায় দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ ও সিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুনের একটি প্রাদেশিক আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক মিগুয়েল মার্টিনেজ।

আদালত মোহাম্মদ মাসুমকে মানব পাচার ও যৌন নিপীড়নসংক্রান্ত তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। অন্যদিকে, মানব পাচারের অভিযোগে সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চাকরি ও স্থায়ী বসবাসের প্রলোভন

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী বাংলাদেশি নারী নিজ দেশে প্রায় ১৮ বছর সরকারি চাকরি করেছেন। উন্নত জীবন ও ভালো ভবিষ্যতের আশায় তিনি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

তাঁকে কানাডার একটি রেস্তোরাঁয় চাকরি, বৈধভাবে কাজ করার সুযোগ এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনার কথা বলা হয়েছিল। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তিনি কানাডায় পাড়ি জমান।

২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত তিনি সাসকাচুয়ান প্রদেশের গাল লেক ও টিসডেল এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করেন। তবে সেখানে গিয়ে প্রতিশ্রুত সুযোগ-সুবিধার পরিবর্তে তাঁকে শ্রম শোষণ ও নির্যাতনের শিকার হতে হয়।

পাসপোর্ট আটকে রেখে নির্যাতন

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই নারীকে সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য করা হতো। কাজের তুলনায় তাঁকে যথাযথ মজুরি দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর কাজের অনুমতিপত্র নিয়েও অনিশ্চয়তা তৈরি করা হয়, যা তাঁকে আরও অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে।

একপর্যায়ে মোহাম্মদ মাসুম ওই নারীর পাসপোর্ট নিজের কাছে আটকে রাখেন। একই সঙ্গে তাঁর ওপর একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় বলে আদালতে প্রমাণিত হয়েছে।

চাকরি ও অভিবাসনসংক্রান্ত সুযোগের ওপর নির্ভরশীলতার কারণে ওই নারী দীর্ঘদিন এই শোষণমূলক পরিস্থিতি থেকে বের হতে পারেননি।

স্থানীয়দের সহযোগিতায় মুক্তি

পরবর্তী সময়ে সাসকাচুয়ানের এলরোজ এলাকার একটি রেস্তোরাঁয় কাজের অনুমতিপত্র নিয়ে যাওয়ার পর তাঁর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সেখানে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিনি নির্যাতন ও শোষণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তিনি আইনি সহায়তা নেন।

ঘটনাটি আদালত পর্যন্ত গড়ালে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে অভিযুক্ত দুই বাংলাদেশির বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।

বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ

কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগী নারীর বকেয়া মজুরি পরিশোধেরও নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশ অনুযায়ী, মোহাম্মদ মাসুমকে ১২ হাজার ২৬৮ কানাডীয় ডলার এবং সোহেল হায়দারকে ৫ হাজার ৮৮৫ কানাডীয় ডলার ১৬ সেন্ট পরিশোধ করতে হবে। সব মিলিয়ে তাঁদের ১৮ হাজার ১৫৩ কানাডীয় ডলার ১৬ সেন্ট বকেয়া মজুরি দিতে হবে।

‘আমার জীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’

আদালতে দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী নারী তাঁর ওপর ঘটে যাওয়া নির্যাতনের ভয়াবহ প্রভাব তুলে ধরেন। তিনি জানান, এ ঘটনার কারণে তাঁর জীবন, সম্মান, ভবিষ্যৎ, পরিবার ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দীর্ঘদিনের শোষণ ও নির্যাতনের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এখন অন্য মানুষকে বিশ্বাস করতেও আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

এদিকে, ভুক্তভোগী নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় তাঁর পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আরও পড়ুন