
আসন্ন ১৩তম (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুমোদন হয়েছে, যার মধ্যে প্রায় ১৩,৯৯০ জন প্রবাসী তাদের এনআইডি হাতে পেয়েছেন।
রোববার (৫ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১০টি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চলমান। এ পর্যন্ত ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন, এর মধ্যে এনআইডি হাতে পেয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।
ইসির প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে নয় হাজার ৩৪০ জন, সৌদি আরবে ৬৮৯ জন, ইতালিতে এক হাজার ৫৭ জন, যুক্তরাজ্যে (লন্ডন ও ম্যানচেস্টার) তিন হাজার ৭৯০ জন, কুয়েতে ২২১ জন, কাতারে ৪৪৪ জন, মালয়েশিয়ায় ৩১৯ জন। এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ জন ও জাপানে পাঁচজন ভোটার হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাজ্যের বার্মিংহাম ও কানাডায় প্রবাসী ভোটার কার্যক্রম চলমান থাকলেও, এখন পর্যন্ত এই দুটি স্থান থেকে কেউ ভোটার হওয়ার অনুমোদন পাননি।







