রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

এক মাসে এলপিজির দাম বাড়ল দুইবার, এখন ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

LPG CYLINDER
ছবি: সংগৃহীত

দেশে আবারও বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন এ মূল্য আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিল মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে চলতি মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে মাস না ঘুরতেই আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এলো, যা ভোক্তাদের ওপর নতুন চাপ তৈরি করবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। ওই অঞ্চলে এলপিজিবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এছাড়া বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি করতে সময় বেশি লাগছে এবং জ্বালানি ব্যয়ও বেড়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা খরচ বেড়ে যাওয়াও ব্যয়ের ওপর বড় প্রভাব ফেলেছে।

দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে সার্বিক আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন