মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

এক দিনের ব্যবধানে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ৩,৩২৪ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

স্বর্ণ/প্রতীকি ছবি/সংগৃহীত

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পরিশোধিত স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার (২৯ জুন)ও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র এক দিনের ব্যবধানে আবারও দাম কমায় স্বর্ণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন