রবিবার ৮ নভেম্বর, ২০২৬

উত্তরের জনপদে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রিতে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Winter
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে জনপদ। সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের অনুভূতি।

এদিকে এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ০.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে ভোর ও সকালে শীতের প্রভাব বেশি টের পাওয়া যাচ্ছে। তবে দুপুরে রোদের তাপ কিছুটা স্বস্তি দিলেও বিকেলের পর থেকে আবারও ঠান্ডা বাড়ছে।

এদিকে ভোরের কুয়াশায় তেঁতুলিয়ার চা-বাগান, বিস্তীর্ণ ফসলের মাঠ ও গ্রামীণ সড়কগুলো ঢেকে যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে হেমন্তের সৌন্দর্য ফুটে উঠলেও আবহাওয়ার এমন পরিবর্তন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রাথমিক প্রভাব শুরু হওয়ায় আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন