শনিবার ৩০ মে, ২০২৬

ঈদের আনন্দে মুখর কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - cumilla tourist spot
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটির আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন বিনোদন স্পটে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় আয়োজন থাকায় সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লার জনপ্রিয় বিনোদন কেন্দ্র কোটবাড়ী এলাকার পার্ক গুলোতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এবং বয়স্কদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্ক এবং ডাইনো পার্কসহ অন্য বিনোদন কেন্দ্র গুলো।

দর্শনার্থীরা বিভিন্ন রাইডে চড়ে উপভোগ করেছেন ঈদের আনন্দ। কেউ মেতে উঠেছেন নাগরদোলা ও ট্রেন রাইডে, আবার শিশুরা আনন্দে ব্যস্ত ছিল খেলাধুলা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমে। অনেকেই পরিবার নিয়ে পার্কের মনোরম পরিবেশে সময় কাটিয়েছেন এবং স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন।

নগরীর কান্দিরপাড় থেকে ঘুরতে আসা দর্শনার্থী রাফি হোসেন বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। অনেকদিন পর একসঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগছে। পরিবেশও বেশ সুন্দর।”

অপর দর্শনার্থী নুসরাত জাহান বলেন, “শিশুদের জন্য এখানে অনেক আয়োজন রয়েছে। ওরা খুব আনন্দ করছে। ঈদের আনন্দটা আরও বেড়ে গেছে।”

এদিকে দর্শনার্থীদের খাবারের সুবিধার্থে কোটবাড়ী এলাকায় আশপাশ গুলোতে অস্থায়ী ফুড কর্নার ও বিভিন্ন খাবারের স্টল বসানো হয়েছে। ফাস্টফুড, দেশীয় খাবার ও পানীয়সহ নানা ধরনের খাবার উপভোগ করছেন আগতরা।

আরও পড়ুন-

এবারের ছুটিটা কুমিল্লার যেসব জায়গায় ঘুরে কাটাতে পারেন

এদিকে শুধু কোটবাড়ীর শালবন, বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর ও লালমাই পাহাড় এলাকার বিনোদন কেন্দ্রগুলোই নয়, কুমিল্লার ধর্মসাগর পার্ক এলাকাতেও দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।

ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো এখন পরিণত হয়েছে উৎসবমুখর মিলনমেলায়।

আরও পড়ুন