
বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ বিশ্বের বহু শিক্ষার্থীর কাছে বর্তমানে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণার সুযোগ এবং পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় দেশটিতে প্রতি বছর বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা।
তবে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ নিশ্চিত হয় না। সেখানে যেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয়। ভিসা প্রক্রিয়ায় আবেদনকারীর একাডেমিক যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং প্রকৃত শিক্ষাগত উদ্দেশ্য যাচাই করে থাকে অস্ট্রেলিয়া সরকার।
স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হয়, সেগুলো নিচে তুলে ধরা হলো—
অফার লেটার গ্রহণ
কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত হলে শিক্ষার্থীকে অফার লেটার প্রদান করা হয়। এতে কোর্সের বিস্তারিত, টিউশন ফি ও অন্যান্য শর্ত উল্লেখ থাকে। সব তথ্য যাচাই করে অফার গ্রহণ করতে হয়।
কনফারমেশন অব এনরোলমেন্ট (CoE)
অফার গ্রহণের পর নির্ধারিত ফি জমা দিলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে CoE ইস্যু করা হয়। এটি প্রমাণ করে শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি হয়েছেন এবং ভিসা আবেদনের জন্য এটি বাধ্যতামূলক ডকুমেন্ট।
ইংরেজি দক্ষতার প্রমাণ
অস্ট্রেলিয়ার শিক্ষা কার্যক্রম ইংরেজিভিত্তিক হওয়ায় IELTS, PTE অথবা সমমানের পরীক্ষার স্কোর জমা দিতে হয়। এর মাধ্যমে আবেদনকারীর ভাষাগত দক্ষতা মূল্যায়ন করা হয়।
জেনুইন স্টুডেন্ট (GS) শর্ত পূরণ
ভিসা আবেদনের সময় আবেদনকারীর শিক্ষাগত পরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য ও আর্থিক অবস্থার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। এর মাধ্যমে যাচাই করা হয় শিক্ষার্থী প্রকৃতপক্ষে পড়াশোনার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যেতে চান কি না।
আর্থিক সক্ষমতার প্রমাণ
স্টুডেন্ট ভিসার জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। টিউশন ফি, জীবনযাপন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলারের সমপরিমাণ অর্থ প্রদর্শন করতে হতে পারে।
স্বাস্থ্যবিমা (OSHC)
অস্ট্রেলিয়ায় অবস্থানকালীন সময়ের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক। এটি চিকিৎসা, হাসপাতালে ভর্তি ও জরুরি স্বাস্থ্যসেবার খরচ কভার করে।
মেডিকেল পরীক্ষা
ভিসা অনুমোদনের আগে নির্ধারিত মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হয়। আবেদনকারীর শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এই ধাপ গুরুত্বপূর্ণ।
চরিত্রগত সনদ
কিছু ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বা চরিত্রগত সনদ জমা দিতে হয়। এর মাধ্যমে আবেদনকারীর পূর্ব ইতিহাস যাচাই করা হয়।
অনলাইনে ভিসা আবেদন
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ImmiAccount প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয়। আবেদনকারী নিজে অথবা অনুমোদিত মাইগ্রেশন এজেন্টের সহায়তায় আবেদন সম্পন্ন করতে পারেন।
নিয়মিত আপডেট অনুসরণ
ভিসা অনুমোদনের পরও ভ্রমণ ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন নিয়ম পরিবর্তিত হতে পারে। তাই সরকারি নির্দেশনা ও আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়া তুলনামূলক সহজ হয়ে ওঠে।
তথ্যসূত্র: ইকোনমিক টাইমস








