
‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে ক্যাম্পাস ও ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি যাদুঘর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা অংশ নেন। তারা পলিথিন ব্যাগ, মাস্ক ও গ্লাভস ব্যবহার করে কলেজ ক্যাম্পাস এবং যাদুঘর এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং স্থানীয় ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন-পাওয়েলের পরিচ্ছন্নতা বিষয়ক বার্তাও অংশগ্রহণকারীদের মাঝে তুলে ধরা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুনির আহাম্মদ, স্কাউট ইউনিট লিডার শরীফুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফখরুল লতিফ, সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. মুসলিম সরদার, প্রভাষক (আইসিটি) নুরুল আলম মাসুদ, প্রভাষক (ইসলাম শিক্ষা) মো. আবু নাইমসহ রোভার স্কাউট ইউনিটের সদস্যরা।
অংশগ্রহণকারী রোভার সদস্যরা জানান, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় ঐতিহ্য রক্ষায় এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।









