বুধবার ১ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়ল

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Australia
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন ফি আবারও বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১ জুলাই) থেকে স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, নতুন ফি ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যয় আরও বেড়ে যাবে।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে স্টুডেন্ট ভিসার আবেদন ফি ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার করা হয়। তারও আগে ২০২৪ সালে এই ফি ছিল ৭১০ অস্ট্রেলিয়ান ডলার, যা এক ধাপে বাড়িয়ে ১ হাজার ৬০০ ডলার নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে শুধু ভিসা আবেদন ফি বাবদই ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা (বিনিময় হার অনুযায়ী পরিবর্তিত হতে পারে)।

সংশ্লিষ্টদের মতে, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ব্যয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। টিউশন ফি, স্বাস্থ্য বীমা, জীবনযাত্রার খরচের পাশাপাশি ভিসা ফি বৃদ্ধি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।

স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার প্রধান শিক্ষা ভিসা। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। সাধারণত কোর্সের মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভিসার বৈধতা থাকে।

আরও পড়ুন