
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন দেশের ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে আশ্বাস দেওয়া ও বোঝানোর একাধিক চেষ্টা করা হলেও ক্রিকেটাররা এখনো সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এর সরাসরি প্রভাব পড়েছে বিপিএলের ঢাকা পর্বে।
সিলেট পর্ব শেষ করে আজ থেকে ঢাকায় শুরু হওয়ার কথা বিপিএলের নতুন ধাপ। সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচটি শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ১টা। তবে চলমান সংকটের কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হচ্ছে না।
জানা গেছে, নিজেদের দাবিতে অটল ক্রিকেটাররা ম্যাচ শুরুর সময়েই সংবাদ সম্মেলন ডেকেছেন। সংবাদ সম্মেলনে অংশ নিতে ক্রিকেটাররা ঢাকার হোটেল শেরাটনে উপস্থিত হয়েছেন।
রাতভর আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় বেলা গড়ানোর পর আবারও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। আলোচনার পর বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান,
‘আমি এসেছিলাম, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এমনকি আমরা একটি প্রেস রিলিজও দিয়েছি যে এটি একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য ছিল। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই বক্তব্য সমর্থন করি না। কিন্তু এখানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।’
তিনি আরও বলেন, বিসিবি পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
‘আমরা উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে, খেলা হবে। তবে প্রথম ম্যাচটি সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’
সবশেষ খবর অনুযায়ী, ক্রিকেটাররা এখনো তাদের অবস্থানে অনড় থাকায় বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।










