বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

২৭তম বিসিএসের আরও ৯৬ জনের নিয়োগ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Ministry of Public Administration
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের আইনি জটিলতা ও অপেক্ষার পর ২৭তম বিসিএসের আরও ৯৬ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তা চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অন্য কোনো নির্দেশনা না এলে ১৮ মে থেকেই তাদের যোগদান কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা রক্ষার্থে তাদের নিয়োগ কার্যকর ধরা হবে ২৭তম বিসিএসের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে। ফলে তারা একই ব্যাচের অন্যান্য কর্মকর্তাদের সমপর্যায়ের জ্যেষ্ঠতা সুবিধা পাবেন। তবে এ কারণে কোনো বকেয়া বেতন-ভাতা বা আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

উল্লেখ্য, ২৭তম বিসিএসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হলেও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই ফল বাতিল করে পুনরায় ভাইভা গ্রহণ করে।

পরে প্রথম ভাইভার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। ২০০৮ সালে হাইকোর্ট ফল বাতিলকে বৈধ ঘোষণা করলেও পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

সবশেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১ হাজার ১৩৭ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে চাকরিতে নিয়োগের নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম ধাপে ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়। এবার আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার নতুন অগ্রগতি হলো।

আরও পড়ুন