মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬

২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla -24,013 harassing cases withdrawn- Law Minister in Parliament
২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী/ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী এবং কবে নাগাদ মামলাগুলো নিষ্পত্তি হতে পারে, সে বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি না।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়।

তিনি জানান, এ লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

পর্যালোচনার ক্ষেত্রে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটি পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এরপর কমিটিগুলো মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ করে।

আইনমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য ২০২৬ সালের ৮ মার্চ তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে সংসদকে জানান আইনমন্ত্রী।

আরও পড়ুন