
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির সমন্বয় করেই ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পুরো জানুয়ারিজুড়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হবে।
প্রাথমিক খসড়া অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা কার্যক্রম শেষ করতে এ সময়সূচি বিবেচনায় নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। একইসঙ্গে ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ডিসেম্বরের মধ্যে নিয়ে আসতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী বছরের ৮ বা ৯ ফেব্রুয়ারি থেকে রোজার ছুটি শুরু হতে পারে। সে কারণে তার আগেই এসএসসি পরীক্ষা শেষ করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।
তিনি বলেন, “শিক্ষামন্ত্রী ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু এবং ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ খসড়া রুটিন তৈরির নির্দেশনা দিয়েছেন। সেটি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরেই ডিসেম্বরে এসএসসি পরীক্ষা শুরুর কথা বলে আসছেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ হঠাৎ করে পরীক্ষা এগিয়ে আনার বিপক্ষে মত দেওয়ায় সমন্বয় করেই ডিসেম্বরের শেষ দিনে পরীক্ষা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।








