
আগামী ২ মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার: ১ হাজার ২৩২ জন।







