
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা’র হোমনা উপজেলার নয়াকান্দি গ্রামে আজ (২১ মার্চ ২০২৬) এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
নয়াকান্দি যুব সমাজের উদ্যোগে উক্ত ফুটবল ম্যাচটি আয়োজন করা হয়। নয়াকান্দি ‘লাল দল’ ও ‘সবুজ দল’ নামে দুটি দল এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে এবং ‘লাল দল’ ১-০ গোলে ‘সবুজ দল’ এর বিপক্ষে জয় লাভ করে।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াকান্দি গ্রামের কৃতী সন্তান ড. মো: নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি চেংগিস খান (টেন্ডার এন্ড পার্চেজ ডিপার্টমেন্ট-বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি) এবং জনাব এ কে এম নাসির উদ্দিন, পরিচালক, বেগম আছিয়া হক বিদ্যানিকেতন, নয়াকান্দি।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিস প্রবাসী,মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলার শিক্ষা দেয়। বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, স্মার্টফোনের অপব্যবহার এবং কিশোর অপরাধ থেকে দূরে রাখতে মাঠের বিকল্প নেই।
তিনি আরও বলেন, মাঠ যত সরগরম থাকবে, হাসপাতালের রোগী তত কমবে। আমি আশা করি, নয়াকান্দির যুবকরা সারা বছর এভাবেই খেলাধুলার মাধ্যমে নিজেদের ঐক্যবদ্ধ রাখবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
এছাড়া নয়াকান্দি যুব সমাজকে উক্ত আয়োজনের জন্য ধন্যবাদ জানান।খেলা শেষে প্রধান অতিথি জয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।









