শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬

হাসপাতালে এক্স-রে ও প্যাথলজির অর্থ জমায় অনিয়ম, দুদকের অভিযান

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - Irregularities in the collection of payments for X-rays and pathology services at a hospital, Anti-Corruption Commission (ACC) conducts a raid.
হাসপাতালে এক্স-রে ও প্যাথলজির অর্থ জমায় অনিয়ম, দুদকের অভিযান

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও প্যাথলজি পরীক্ষার ফি আদায়ে বড় ধরনের গরমিলের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে রশিদের মুড়ি ও জমা রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করে।

অভিযানে দেখা যায়, এক্স-রে ও প্যাথলজি বিভাগে কর্মরত পাঁচ টেকনিশিয়ানের কারও বৈধ নিয়োগপত্র বা সনদ নেই। এ ছাড়া নিয়োগে অনিয়ম, কেবিন ও সিজারিয়ান ফি আত্মসাৎ, পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে দুদক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান দাবি করেছেন, জনবল সংকটে স্থানীয় সমন্বয় কমিটির আলোচনার ভিত্তিতে রোগীপ্রতি পারিশ্রমিকে ওই পাঁচজনকে কাজে লাগানো হচ্ছে এবং সরকারি কোষাগারে নিয়মিত অর্থ জমা দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

দুদকের উপপরিচালক এরশাদ আলী জানান, জব্দ করা নথি যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।

আরও পড়ুন