
সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু, যাদের মধ্যে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। বাকি ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, যা পরিস্থিতির গুরুতর দিকটি তুলে ধরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৪ শিশু।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।










