বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিতের অঙ্গীকার হবিগঞ্জের নবাগত ডিসির

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিতের অঙ্গীকার হবিগঞ্জের নবাগত ডিসির

হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

তিনি বলেছেন, সরকারি সেবা যেন সহজে ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সভায় জেলা প্রশাসক জাকির হোসেন আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন বদ্ধপরিকর। জেলার বিদ্যমান সমস্যা সমাধান, সম্ভাবনা কাজে লাগানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবার মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

​মতবিনিময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

পাশাপাশি জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে তারা নানা গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
​সভার শেষে জেলা প্রশাসক সবার মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন