বুধবার ১১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - Pickup driver killed in head-on collision between bus and pickup in Habiganj
হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামের এক পিকআপচালক প্রাণ হারিয়েছেন।

​গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় বাস ও পিকআপের অন্য কোনো যাত্রী বা আরোহী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত দুটি যানবাহনই বর্তমানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

​এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান পিকআপচালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন