
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
শুক্রবার (২২ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন।
এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যুও স্বাভাবিক ছিল।
এদিকে সরকারি হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
এ পর্যন্ত মোট ১৯৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছেছেন।
বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে আইটি ও হেল্পডেস্ক কার্যক্রম চালু রয়েছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে।
এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।










