
সৌদি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন হজ মৌসুমে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ফ্লাইটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এবারের হজ মৌসুমে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার পর ফিরতি ফ্লাইট ফাঁকা না রেখে সাধারণ যাত্রী পরিবহন করা হবে। এতে মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরা সম্ভব হবে।
উপদেষ্টা জানান, এই উদ্যোগের ফলে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ১২০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে।
আলোচনায় তিনি আরও বলেন, দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দেবেন। উপদেষ্টা হিসেবে তিনি সরকারি গাড়ি বা বাড়িসহ কোনো সুবিধা নেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি বলে উল্লেখ করেন। তার সম্পদের বিবরণী ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং দায়িত্ব ছাড়ার আগেই তা জমা দেওয়া হবে।
এ ছাড়া বিমানে ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে বলেও জানান শেখ বশিরউদ্দীন।










