
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
মঙ্গলবার জামায়াতে ইসলামির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন তিনি।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ গিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে হামলায় গুরুতর আহত চিকিৎসক ড. নাসির আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
জামায়াত আমির ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেন।
তিনি বলেন, “অতীতের শাসনামলে দেশের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। এখন তা পুনর্গঠন করে একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
এছাড়া ডা. শফিকুর রহমান বলেন, বিরোধীদল হিসেবে ন্যায্য ও জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করা হবে। তবে কোথাও অন্যায় হলে তার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়া হবে।









