
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।
রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য দল পর্যাপ্ত সময় পায়নি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সম্পূর্ণ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার সম্ভাবনা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ১১ দলীয় জোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য— এমন ব্যক্তিরা অন্য রাজনৈতিক দলের হলেও এনসিপির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দলের মনোনীত প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ শুরু করবেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। তাই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি।
উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে এনসিপির ঘোষিত প্রার্থীরা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান পদে শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় মেয়র পদে শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদে মো. আব্দুল মান্নান এবং হাকিমপুরে পৌর মেয়র পদে রায়হান কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র পদে মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন।
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, কুমিল্লার হোমনা পৌরসভায় মেয়র পদে রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।









