
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ জন পুরুষ ও নারী ওমরাহ যাত্রীকে নিজ ব্যয়ে আতিথ্য দেওয়ার অনুমোদন দিয়েছেন। ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, উমরাহ ও পরিদর্শন কর্মসূচি’র আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি বছরে চারটি ধাপে কর্মসূচিটি পরিচালিত হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাহ যাত্রী এই বিশেষ সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তিমুর-লেস্তে, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
এ উপলক্ষে সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী আব্দুললতিফ আল-শেখ বাদশাহ সালমান এবং বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, মুসলিম বিশ্বের মানুষের জন্য ওমরাহ পালন ও পবিত্র স্থানসমূহ জিয়ারত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি নেতৃত্বের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।
তিনি আরও বলেন, এ কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করবে এবং বিশ্বের বিভিন্ন মুসলিম সমাজের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধ গড়ে তুলতে সহায়তা করবে।
সৌদি সরকারের এ বিশেষ কর্মসূচিকে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইসলামি মূল্যবোধ প্রচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।










