
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে সৌদিতে কর্মরত অপর এক প্রবাসী শ্রমিক রোশন আলী সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জুবাইল শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।
এদিকে নিহত সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে ফেরত আনা এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, কীভাবে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে, তা দূতাবাসের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। নিহতের মরদেহ যথাসময়ে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। শোকাহত পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।










