
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, “তিনি যতদিন এই দায়িত্বে থাকবেন ততদিন মানুষের কল্যাণে কাজ করবেন এবং এ সেবাকে সদকায়ে জারিয়া হিসেবে নেওয়ার চেষ্টা করবেন।”
পাশাপাশি নগরবাসীর প্রত্যাশা পূরণ ও নাগরিক সেবা উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সকালে কুসিকের প্রশাসক মোঃ শাহ আলমের বিদায় এবং নবাগত প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে কুমিল্লা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউসুফ মোল্লা টিপুকে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার মানবিক সংগঠন বিবেক-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।








