
দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এতে করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্য আরও বৃদ্ধি পাবে।
এ সময় খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়া জরুরি।
তিনি আরও বলেন, ‘দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা এবং দলগত চেতনা থাকলে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের পথে কোনো বাধাই টিকতে পারবে না।’
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদদের মধ্যে ভাতা বিতরণ করা হয়।








