মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি, বাড়বে শীতের অনুভূতি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - WINTER
প্রতীকি ছবি/সংগৃহীত

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে রাতের পাশাপাশি ভোরেও শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ছয় বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

অন্যদিকে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী পাঁচ দিনেও দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন