রবিবার ২৯ মার্চ, ২০২৬

সময়মতো উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - PM's surprise visit to various offices in the Secretariat to ensure timely attendance
সময়মতো উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন/ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের নিচে এসে পৌঁছান। সেখানে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

স্বাগত গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনের দিকে যান। সেখানে তিনি জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মকর্তার কক্ষে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং অফিসে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন। সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত হচ্ছে কিনা, সে বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন।

এরপর প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনে অবস্থিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

সবশেষে সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন