
সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ঢাকার দুই সিটি করপোরেশন বছরে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, এ ধরনের কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হলে সাধারণ মানুষের কাছ থেকে ময়লার বিল নেওয়ার প্রয়োজন হবে না।
শনিবার (৯ মে) রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, উন্নত বিশ্বের মতো স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে পানি, বর্জ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি সেবা স্থানীয় সরকারের আওতায় এনে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য পানি ও বিদ্যুৎ বিলও বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে এনসিপির এই মুখপাত্র বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রশ্নে তাদের দল কোনো আপস করবে না। তাদের আন্দোলন শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য ছিল না, বরং তারা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ চায়।
কর্মশালায় ঢাকা উত্তর সিটির বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







