
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ঈদ আনন্দ ও খুশির দিন। এ দিনে সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। গত এক মাস ধরে সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে এবং সেই দায়িত্ব পালনে আন্তরিকতার পরিচয় দৃশ্যমান। দেশের মানুষের সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলের আন্তরিকতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায়ই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।
ঈদের প্রধান জামাতে পানিমন্ত্রীর সঙ্গে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মুসল্লি।





