শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

লালমাইয়ে ভেজাল ভোজ্য তেল বিক্রেতাকে এক লক্ষ টাকা জরিমানা

রাইজিং ডেস্ক

লালমাইয়ে ভেজাল ভোজ্য তেল বিক্রেতাকে এক লক্ষ টাকা জরিমানা
লালমাইয়ে ভেজাল ভোজ্য তেল বিক্রেতাকে এক লক্ষ টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে বিএসটিআই’র মান সনদ ছাড়া ভোজ্য তেলের মোড়কে মান চিহ্ন ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, লালমাই ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে বিজরা বাজার, লালমাইয়ে অবস্থিত ওমর কনজ্যুমার ফুড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করেই ভোজ্য তেল পণ্যের মোড়কে মান চিহ্ন ব্যবহার করতে দেখা যায়।

এতে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি), লালমাই, কুমিল্লার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা এস. এম. শাকিল ইউসুফ, ফিল্ড অফিসার রাজিব ফকির, ফিল্ড অফিসার প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো. শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন