
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, গতকাল ও আজ—এই দুই দিনে লক্ষ্মীপুরসহ মোট ২১টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে রোববার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম দফায় ব্যালট পেপার পাঠানো জেলাগুলো হলো— লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড় ও লালমনিরহাট।
এরপর সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় আরও আটটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। এই জেলাগুলো হলো— হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা।
নির্বাচন কমিশন জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এসব নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে।
ভোটগ্রহণের আগের দিন এসব ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।









