
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। দ্রুততম সময়ে প্রধান উপদেষ্টার অনুমোদনসংবলিত আদেশ জারি হওয়ার পর থেকেই নতুন নামে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) করা হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে। নতুন নাম অনুযায়ী বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে।
র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে সেটিই রূপ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব)। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত বাহিনী হিসেবে ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে র্যাব।
প্রায় ২২ বছর পর এই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীর কাঠামো ও কার্যক্রমকে নতুনভাবে উপস্থাপন করা হবে।







