
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ আবেদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফেরার তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।
চিঠিতে তার আইনজীবীরা শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়া বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।










