
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে না পড়ে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মুরাদনগর উপজেলা নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার নিজ সংসদীয় এলাকা কুমিল্লা সফরের প্রথম কর্মসূচি।
ধর্মমন্ত্রী বলেন, সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিগত সময়গুলোয় হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাব, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে, আল্লাহর রহমতে আমরা অতীতের থেকে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই তা করব।






