রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Chief Advisor Muhammad Yunus
রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা/ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস। তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মাসে সিয়াম পালন, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। একই সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও উল্লেখ করেন, রমজান ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা জোগায়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। একই সঙ্গে দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।

রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাই যেন বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করেন।

প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, তিনি যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল করেন। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন সকলকে ক্ষমা ও হেফাজত করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন।

আরও পড়ুন