
গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এই নিয়োগের মেয়াদ তিন বছর। বাংলাদেশ সচিবালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ১৫ জানুয়ারি জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওমর বিন হাদিকে নিয়োগ গ্রহণের আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাশ দিয়ে যাওয়া একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়।
গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।








