
সরকার আগামী মে মাস থেকে দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিবেশমন্ত্রী বলেন, সরকার প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন বাণিজ্যে সংযুক্ত হওয়াই সরকারের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে নেওয়া উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।







