মঙ্গলবার ১২ মে, ২০২৬

মানবিক সেবায় ৭ বছর পূর্ণ, ৮ম বছরে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

শাহরাস্তি প্রতিনিধি

মানবিক সেবায় ৭ বছর পূর্ণ, ৮ম বছরে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
মানবিক সেবায় ৭ বছর পূর্ণ, ৮ম বছরে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ সফলভাবে ৭ বছর পূর্ণ করে ৮ম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি এক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছে।

“সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায়” এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ১০ মে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের ৮ম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এক মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল এইচএসসি পরীক্ষার্থীর হাতে নগদ ৫ হাজার টাকা শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাদের এই পথচলা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের দায়িত্বশীলরা বলেন, গত কয়েক বছরে যারা মেধা, শ্রম, পরামর্শ ও আর্থিক সহায়তার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করেছেন, তাদের অবদান গুরুত্বপূর্ণ। মানবিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন