
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীরত্ব ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন। ৫৫তম মহান বিজয় দিবসে দেশজুড়ে গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে।
মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি উৎসবের দিন নয়; এটি গৌরবময় ইতিহাস, স্বাধীনতার জন্য চরম ত্যাগ, জাতীয় চেতনার প্রতীক এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের স্মারক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। এই দিনে বিজয়ের আনন্দে উদ্বেলিত হয় গোটা দেশ, বিজয়োল্লাসে ভাসে পুরো জাতি।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আজ অদ্য ১৬ই ডিসেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনারে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। পরবর্তীতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।










