মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে বড় পরিবর্তন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - VAT return
ছবি: সংগৃহীত

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষে আলাদাভাবে রিটার্ন জমা দিতে হবে। কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান ফিরিয়ে আনা হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় আরও গতিশীল করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

তবে কিছু প্রতিষ্ঠানকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। নতুন সংশোধনী কার্যকর হলে আগের নিয়ম অনুযায়ী প্রত্যেক কর মেয়াদে আলাদাভাবে রিটার্ন জমা দিতে হবে।

তবে অধ্যাদেশের খসড়াটি এখনো আইনগত যাচাইয়ের একটি ধাপ পার হতে হবে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খসড়াটি ভেটিং করবে। মন্ত্রিসভা ভেটিং সাপেক্ষে এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন