
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই প্রার্থীদের মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৯ জন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মোট ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে।
এছাড়া—
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২৫৩টি আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ২২৪টি আসন
জাতীয় পার্টি: ১৯২টি আসন
গণ অধিকার পরিষদ: ৯০টি আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ৩৪টি আসন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩২টি আসন
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): ৩০টি আসনে প্রার্থী দিয়েছে
ইসি জানিয়েছে, বর্তমানে ২৯৮টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ২৭ জানুয়ারির পর জানা যাবে।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।









