
সরকারি দপ্তর মানেই দীর্ঘসূত্রতা, হয়রানি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য—সাধারণ মানুষের মধ্যে প্রচলিত এমন ধারণা বদলে দিতে কাজ করছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষ করে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন এই কর্মকর্তা।
জানা গেছে, ২০২৬ সালের অক্টোবর মাসে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. আনিসুর রহমান। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও এসিল্যান্ড হিসেবে এটিই তাঁর প্রথম কর্মস্থল। যোগদানের পর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও দ্রুত কর্মপরিবেশের সঙ্গে সমন্বয় করে সেবাব্যবস্থাকে গতিশীল করার উদ্যোগ নেন তিনি।
ভূমি কার্যালয়ে সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে দালাল বা অসাধু চক্রের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন আনিসুর রহমান। সেবাগ্রহীতারা যেন সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করেছেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি পুরো কার্যক্রম নিজেই তদারকি করছেন।
এরই মধ্যে তাঁর উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন সেবাপ্রত্যাশীরা। সম্প্রতি কোনো ধরনের মধ্যস্বত্বভোগী কিংবা দীর্ঘসূত্রতা ছাড়াই ভূমিসেবা পেয়েছেন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নান এবং বিধবা রহিমা বেগম। স্বল্প সময়ে প্রত্যাশিত সেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে তাঁদের পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সরকারি দপ্তরে মানবিক আচরণ, আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফরিদগঞ্জে ভূমি কার্যালয়ের সাম্প্রতিক উদ্যোগগুলো সেই সম্ভাবনাই তুলে ধরছে।
ভূমিসেবার পাশাপাশি প্রশাসনিক অন্যান্য দায়িত্ব ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন এই কর্মকর্তা। গত ১২ অক্টোবর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন তিনি।
এ ছাড়া ১৮ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, অবৈধ ফুটপাত দখলমুক্ত করা, বাজার তদারকি জোরদার এবং যানজট নিরসন।
যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও উদ্যোগী আনিসুর রহমান। খেলাধুলার পাশাপাশি মুক্তচিন্তা ও সৃজনশীল চর্চায় তরুণদের উৎসাহিত করছেন তিনি। সম্প্রতি উপজেলা পর্যায়ে আন্তঃউপজেলা বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও সৃজনশীলতার চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, ‘এসিল্যান্ড হিসেবে ফরিদগঞ্জই আমার প্রথম কর্মস্থল। চাঁদপুর জেলা সদরে কাজ করার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শতভাগ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজের সর্বোচ্চটা দিতে চাই। “ভূমি অফিস মানেই ভোগান্তি”—সাধারণ মানুষের এই বদ্ধমূল ধারণা আমি বদলে দিতে বদ্ধপরিকর। সেবাপ্রত্যাশীরা যেন কোনো হয়রানি ছাড়া হাসিমুখে সেবা নিয়ে ফিরতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনিক কার্যক্রম ও নির্দেশনাগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা আমি নিজেই নিয়মিত পর্যবেক্ষণ করছি।’









